জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ধান গবেষণা ইনস্টিটিউটে পদোন্নতি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ এএম

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)তে রাজনৈতিক বিবেচনা এবং ব্যক্তি বিশেষের সঙ্গে বিশেষ সম্পর্কের ভিত্তিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতিবঞ্চিত বেশ কয়েকজন বিজ্ঞানী বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবি তুলে ধরেছেন এবং জ্যেষ্ঠতা অনুসারে পদোন্নতি প্রদানের দাবি জানিয়েছেন।

ব্রি মহাপরিচালকের কাছে চিঠিতে একজন কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) উল্লেখ করেন, তিনি ২০০১ সালের ৮ ফেব্রুয়ারি ব্রি তে সাইন্টিফিক অফিসার পদে যোগদান করেন এবং ২০১৩ সালের ৮ জুলাই সিনিয়র সাইন্টিফিক অফিসার পদে পদোন্নতি প্রাপ্ত হন। (যা বিভাগীয় জ্যেষ্ঠতার ভিত্তিতে হয়েছে)। ২০১৫ পে-স্কেলের ৮ নং ধারা অনুসারে সরকারি কর্মচারীরা তাদের গ্রেড ভিত্তিক পরিচিত হবেন। তিনি প্রথম পদোন্নতি প্রাপ্তিসহ দীর্ঘ ১০ বছর চাকুরী করায় ২০১৫ পে-স্কেল অনুসারে পরবর্তী উচ্চতর গ্রেড বা ৫ম গ্রেড প্রাপ্ত হন গত ২০১৫ সালের পহেলা জুলাই। ব্রিতে এসএসও পদে কর্মরত কর্মকর্তাদের খসড়া জ্যেষ্ঠতার তালিকায় তার অবস্থান ১৭ নং ক্রমিক নম্বরে দেখানো হয়েছে। কিন্তু প্রথম যোগদানের তারিখ অনুসারে ব্রিতে এসএসও পদে কর্মরত কর্মকর্তাদের জ্যেষ্ঠতার তালিকায় তার অবস্থান ১৭ নং এর পরিবর্তে ১ নং ক্রমিক নম্বরে হবে। এ ছাড়াও বাংলাদেশ গেজেট ২০১১ (এস, আর, ও নং ৩২৪-আইন/২০১১) অনুসারে প্রণীত প্রবিধানমালায় বিভাগীয় জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির কোনো সুযোগ না থাকলেও পূর্ববর্তী পদোন্নতিসমূহ রাজনৈতিক বিবেচনা এবং ব্যক্তি বিশেষের সঙ্গে বিশেষ সম্পর্কের ভিত্তিতে দেওয়ার জন্য চরম বৈষম্যের শিকার হয়েছেন বলে আবেদনে উল্লেখ করেন। ফলশ্রুতিতে তাদের সঙ্গে একই দিনে কাজে যোগদান করে তার জুনিয়র এবং তার পরে যোগদান করেও অনেকে বর্তমানে চিফ সায়েন্টিফিক অফিসার পদে পদোন্নতি পেয়েছেন। একই সাথে কাজ করতে হচ্ছে, যা নৈতিকতা পরিপন্থী। বাংলাদেশ গেজেট ২০১১ (এস, আর, ও নং ৩২৪-আইন/২০১১) অনুসারে প্রণীত প্রবিধানমালায় সংশ্লিষ্ট পদে কোনো কর্মচারীর যোগদানের তারিখ হতে তার জ্যেষ্ঠতা নির্ধারিত হবে। এ বিধানের বলে কমন জ্যেষ্ঠতার তালিকা তৈরির কোনো সুযোগ আছে বলে তারা মনে করেন না। কারণ ব্রি’র প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভাগীয় জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি হয়ে আসছে।

এদিকে যার জ্যেষ্ঠতার সিরিয়াল তিন হওয়ার কথা তার সিরিয়াল হয়েছে ১৮। এ রকম অনেক বিজ্ঞানীর জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়েছে বলে জানা গেছে।

অপর দিকে পূর্বে যোগদান করে বা একই সাথে যোগদান করে শুধুমাত্র বিভাগীয় জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রচলিত থাকায় সিনিয়রদের বিভাগে পদ না

থাকায় পদোন্নতি পাননি, পক্ষান্তরে জুনিয়রদের বিভাগে পদ থাকায় তারা পদোন্নতি প্রাপ্ত হয়েছেন এবং সিনিয়রদের সিনিয়র হয়েছেন। তাই প্রণীত জ্যেষ্ঠতার তালিকা অনুসারে পদোন্নতি প্রদান করা হলে সিনিয়ররা আবারো বঞ্চিত হবেন। বিভাগীয় জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান না করে ধারনাগত জ্যেষ্ঠতা প্রদান করে তাদের সম্মিলিত জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বঞ্চিত বিজ্ঞানীরা দাবি জানিয়েছেন।

তারা প্রণীত খসড়া জ্যেষ্ঠতার তালিকায় অবস্থান সংশোধনপূর্বক ধারণাগত জ্যেষ্ঠতা প্রদান করে এবং সব বৈষম্যমূলক তালিকা সংশোধনের জন্যও দাবি জানান।

এ বিষয়ে ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি দেওয়া হয়েছে বা বঞ্চিতদের কোনো আবেদন আমি পাইনি। আর ব্রি’তে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত