রাজশাহীতে এক সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সাংবাদিক নিজেও বাসায় আহত অবস্থায় পড়ে ছিলেন ঘরে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম রওশন আরা (৫৫)। তার স্বামীর নাম গোলাম কিবরিয়া ওরফে কামাল মালিক (৬৫)। তিনি কামাল মালিক নামে পরিচিত। বর্তমানে স্থানীয় ‘দৈনিক রাজশাহী সংবাদ’-এর উপ-সম্পাদক হিসেবে কাজ করছেন। তারা শহরের হড়গ্রাম বাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। গত শুক্রবার সন্ধ্যার পর ওই বাসা থেকেই স্বামী-স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরাকে তারা মৃত অবস্থায় পেয়েছেন। তার গলায় একটি কাপড় পেঁচানো ছিল। তার মৃত্যু কীভাবে হয়েছে, সেটি ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। তিনি জানান, সাংবাদিক কামাল মালিকের হাতে ও পায়ে জখম আছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। কামাল মালিক এখন রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। সেখানে পুলিশ আছে। তবে তার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। ময়নাতদন্ত শেষে শনিবার (গতকাল) দুপুরে রওশন আরার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
