জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকার মূল বেতন দুই ধাপ অবনমিত করে তার সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে।
তার বিরুদ্ধে গত বছর এনবিআর সংস্কার আন্দোলনে অংশগ্রহণ ও কর্মচারীদের দাপ্তরিক দায়িত্ব পালনে বাধা প্রদানের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এক আদেশে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল রবিবার এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০২৫ সালের ১৮ আগস্ট এক আদেশে এনবিআরের কাস্টমস বিভাগের ওই অতিরিক্ত কমিশনারসহ চার কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। যেখানে এনবিআর সংস্কার আন্দোলনের কর্মসূচি পালন ও দেশের রাজস্ব কার্যক্রম বাধাগ্রস্ত করার অভিযোগ আনা হয়।
এনবিআর আদেশ সূত্রে জানা, অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, ঢাকায় কর্মরত থাকাকালে গত বছর ২১ মে হোয়াটসঅ্যাপ গ্রুপে একাধিক বার্তা দিয়ে এনবিআরের আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ করে নির্দিষ্ট কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। ওই বার্তায় ঢাকার কর্মকর্তাদের রাজস্ব ভবনে উপস্থিত থাকা এবং ঢাকার বাইরে কর্মরত কর্মকর্তাদের নিজ নিজ কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়।
