রাজধানীর যাত্রাবাড়ীর পুবাইল এলাকায় পরিবারের সঙ্গে অভিমান করে মো. রনি (১৩) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে দনিয়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শনিবার রাতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রনির বাবা নুর আলম দেশ রূপান্তরকে জানান, ছেলে স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। শনিবার রাতে নিহতের মা পড়াশোনার জন্য বকাঝকা করলে অভিমানে আত্মহত্যা করে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিএমপির যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, পরিবারের সঙ্গে অভিমান করে কিশোর আত্মহত্যা করেছে। ওই ঘটনায় নিহতের বাবা একটি অপমৃত্যু মামলা করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
