দেশ রূপান্তরে খবর প্রকাশের পর

চামুদরিয়া খালের ভাঙন রোধে কাজ শুরু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

দীর্ঘদিন ভোগান্তির পর পটিয়ার চামুদরিয়া খালের ভাঙন রোধে কাজ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জরুরি ভিত্তিতে খাল তীর সংরক্ষণ ও প্রতিরক্ষা কাজ শুরু হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভাঙন কবলিত এলাকার মানুষ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেখা গেছে, শোভনদন্ডী ইউনিয়নের হিলচিয়া চামুদরিয়া বাজার এবাদতখানা সংলগ্ন এলাকার ঝুঁকিপূর্ণ অংশে বালুভর্তি জিওব্যাগ ফেলা ও খাল তীর মজবুত করার কাজ চলছে। খালের উত্তর পাড়ে ভাঙন প্রবণ স্থান চিহ্নিত করে পর্যায়ক্রমে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান, প্রতি বর্ষা মৌসুমে ভয়াবহ ভাঙনে ভিটেমাটি ও কৃষিজমি হারিয়ে মানবেতর জীবন যাপন করতে হয়েছে এলাকার মানুষের। সাম্প্রতিক সময়ে ভাঙনের মাত্রা আরও বেড়ে গেলে এলাকাবাসীর আন্দোলন ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর হয়।

হিলচিয়া গ্রামের বাসিন্দা আলী আকবর ভেট্টা বলেন, দীর্ঘদিন ধরে শুধু আশ্বাসই পেয়েছি। এবার কাজ শুরু হওয়ায় কিছুটা আশার আলো দেখছি। তবে কাজ যেন অস্থায়ী না হয় সেটি নিশ্চিত করতে হবে।

শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, খালের ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছিল। এখন যে কাজ শুরু হয়েছে, তা দ্রুত ও টেকসইভাবে শেষ করা জরুরি। নইলে বর্ষা এলেই আবার আগের অবস্থায় ফিরে যাবে।

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পওর-১) এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহিদ জানান, প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ অংশে জরুরি প্রতিরোধমূলক কাজ শুরু করা হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে পরবর্তীতে স্থায়ী বাঁধ ও তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত