অনেক চেষ্টায় ইতালির নাগরিকত্ব পেয়েছিলেন, বসবাসের জন্য কোটি টাকা খরচে কিনেছিলেন বাড়িও। সম্প্রতি ছুটিতে বাড়ি আসেন তিনি। স্বপ্ন ছিল স্ত্রী-সন্তানদের নিয়ে আবারও ফিরবেন সে দেশে। সেখানেই বসতি গড়বেন তাদের নিয়ে। কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না প্রবাসী মোক্তার সরকারের। কষ্টার্জিত অর্থে কেনা বাড়িতে স্ত্রী-সন্তানদের নিয়ে স্বপ্নের বসতি গড়া হলো না তার। গত মঙ্গলবার ভোরে আকস্মিকভাবে মারা যান তিনি। মোক্তার সরকার (৪২) নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের পারবোর্ণি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেল বলেন, প্রায় ১০ বছর আগে ইতালি যান মোক্তার সরকার। সেখানে তিনি ইতালির আরেক নাগরিকের সঙ্গে যৌথভাবে একটি অটোমোবাইল সার্ভিস সেন্টার চালাতেন। কিছুদিন আগে তিনি সব শর্ত পূরণ করে ইতালির নাগরিকত্ব লাভ করেন। এরপর সেখানকার ফরমিয়া শহরে প্রায় কোটি টাকা ব্যয়ে একটি বাড়ি কেনেন। ইচ্ছে ছিল স্ত্রী আর তিন মেয়েকে নিয়ে যাবেন সেখানে। সে অনুযায়ী পাসপোর্টসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রও প্রস্তুত করা হয়েছিল। গত ২১ জানুয়ারি তিনি ছুটিতে বাড়িতে আসেন। ছুটি শেষে স্ত্রী-সন্তানদের নিয়ে ফেরার কথা ছিল ইতালিতে। কিন্তু তার আকস্মিক মৃত্যুতে সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল।
নিহতের স্ত্রী রত্না বেগম কাঁদতে কাঁদতে বলেন, গত মঙ্গলবার ভোর ৪টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং বমি করেন। পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরই তিনি মারা যান। বড়াইগ্রামের ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ভুক্তভোগী পরিবার আবেদন করলে তাদের সার্বিকভাবে সহযোগিতা করা হবে।
