দুধের স্বাদ ঘোলে মেটানোর টুর্নামেন্ট

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০০ এএম

সবকিছু ঠিক থাকলে, এই সময়টায় বাংলাদেশ ক্রিকেট দলের থাকার কথা ছিল বেঙ্গালুরুতে। নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে কলকাতায় আসার জন্য আজ হয়তো ব্যাগপত্র গোছাতেন বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের সিদ্ধান্তের কারণে বিশ্বকাপ বর্জন করেছে বাংলাদেশ। তবে খেলোয়াড়দের মাঠে নামার সুযোগ এবং আর্থিক ক্ষতি কিছুটা পূরণ করার উদ্দেশ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করেছে অদম্য বাংলাদেশ টি-২০ কাপ। যেখানে বিশ্বকাপ দলে থাকাদের সঙ্গে জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের ও বয়সভিত্তিক দল থেকে সম্ভাবনাময় কিছু খেলোয়াড় নিয়ে দূর্বার, দূরন্ত ও ধূমকেতু নামে ৩টা দল গড়া হয়েছে। তাদের নিয়েই সিঙ্গেল লিগ টুর্নামেন্ট, শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি শেষ হয়েছে গত মাসেই। কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। এর মাঝে দেশের ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্ট দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলবে তা নিয়ে আছে বড় প্রশ্ন। ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচে স্টেডিয়াম অনেকটাই ছিল ফাঁকা। টি-টোয়েন্টি ম্যাচের আগে ঘণ্টা দুয়েকের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রলোভন কতটা দর্শক টানবে সেটা দেখা যাবে সপ্তাহান্তের বিকেলে। বিতর্ক আর পারফরম্যান্সের পারদের নিম্নগামিতায় ক্রমশ আকর্ষণ হারাচ্ছে ক্রিকেট। বিপিএলে তাও নিজ নিজ বিভাগের একটা আকর্ষণে মাঠে এসেছে দর্শকরা, অনেক ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি কর্র্তৃপক্ষও চেষ্টা করেছে গ্যালারি ভরাতে। স্রেফ লিটন দাস-তানজিদ তামিমদের ব্যাটিং দেখতে খুব বেশি দর্শক হবে না আন্দাজ করেই বোধহয় বিসিবি স্কুল শিক্ষার্থীদের জন্য গ্যালারি উন্মুক্ত করে দিয়েছে। ইউনিফর্ম বা পরিচয়পত্র দেখিয়েই ঢোকা যাবে স্টেডিয়ামে।

প্রথম দিনে মুখোমুখি ধূমকেতু আর দূরন্ত।  ধূমকেতুর মোড়কে খেলছে মূলত বিশ্বকাপের জন্য ঘোষিত দলটাই, অল্প কিছু পরিবর্তন শুধু। স্বাস্থ্যগত কারণে ধূমকেতু দল থেকে সরে দাঁড়িয়েছেন তাসকিন আহমেদ। এছাড়া লিটন, ইমন, সাইফ, হৃদয়, রিশাদ, মোস্তাফিজ, নাসুম, শেখ মেহেদিরা সবাই ধূমকেতুর জার্সিতে। দূরন্ত দলটা নামের মতোই, তারুণ্যের প্রতিচ্ছবি। আকবর আলির নেতৃত্বে জিশান আলম, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, রিপন ম-ল, আব্দুল গাফফার সাকলায়েন, নাহিদ রানারা আছেন এই দলে। অনূর্ধ-১৯ বিশ্বকাপ খেলে আসা ইকবাল হোসেন ইমনও আছেন। এই দলটার কোচ সদ্যই বিপিএল জেতা কোচ হান্নান সরকার। ঘরোয়া ক্রিকেটে আকবর আলির শিরোপা ভাগ্য সুপ্রসন্ন। এইবার বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সে খেলা আকবর খুব বেশি ম্যাচ একাদশে সুযোগ না পেলেও বিপিএল জয়ী দলের অংশ ছিলেন। এনসিএল-এর দুই সংস্করণেই শিরোপার স্বাদ পেয়েছেন। নতুন এই আসরের শিরোপাটাও কি উঠবে তার হাতেই?

সদ্য বাবা হওয়া সৌম্য সরকার খেলছেন না এই আসরে, সন্তানের কাছে থাকতে উড়ে গেছেন যুক্তরাষ্ট্রে। বিপিএলের নিলামে কোটি টাকায় বিক্রি হওয়া নাঈম শেখও নেই, তিনি গেছেন উমরাহ হজ করতে। সবশেষ তাসকিন সরে দাঁড়িয়েছেন সাইনাসের প্রদাহের কারণে। যারা খেলবেন, তাদের সামনে অবশ্য সুযোগ আছে বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া কিংবা শেষ পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণে অস্বীকৃতি জানানোর কারণে খেলতে না পারার কারণে যে আর্থিক ক্ষতিটা হতো সেটা কিছুটা পূরণের। আসরের মোট প্রাইজমানি প্রায় আড়াই কোটি, ২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা। প্রতিটি ম্যাচের জন্য জয়ী দল পাবে ১০ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পাবে ১ কোটি টাকা। সেই হিসেবে একজন ক্রিকেটার চ্যাম্পিয়ন দলের সদস্য হলে তার পক্ষে এই আসর থেকে অন্তত ৭ লাখ টাকা পাওয়া সম্ভব। এর বাইরে ব্যক্তিগত অর্জন যেমন সেরা খেলোয়াড় বা আসরের সর্বোচ্চ রান বা উইকেট এর জন্য আছে বাড়তি পুরস্কার। সব মিলিয়ে বিশ্বকাপের সমান হয়তো নয়, তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো কিছুটা অন্তত প্রাপ্তিযোগের আনন্দ থাকবে ক্রিকেটারদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত