‘দেশ ও জাতির জন্য এ নির্বাচন ও গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে যাব এবং একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে সবাই একসঙ্গে কাজ করতে পারব।’ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বরগুনা পরিদর্শনকালে এ কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে নৌবাহিনী প্রধানকে বহনকারী হেলিকপ্টার বরগুনা সার্কিট হাউজ মাঠে অবতরণ করে। পরে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরে নৌবাহিনী প্রধান বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
পরিদর্শনকালে বরগুনা পুলিশ লাইনসংলগ্ন নৌবাহিনীর অস্থায়ী ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত নৌসদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন নৌবাহিনী প্রধান। তিনি বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী কয়েক দিন আমাদের নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে সক্ষম হবে।’
