ঢাকায় জামায়াত প্রার্থীদের জমজমাট প্রচারণা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪০ এএম

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। রাজধানী ঢাকার বিভিন্ন আসনে জমজমাট প্রচারণা চালাচ্ছেন জামায়াত জোটের প্রার্থীরা। বিভিন্ন এলাকায় ফেস্টুন, মাইকিং ছাড়াও সভা, সমাবেশ ও গণসংযোগ করছেন তারা। এলাকার সমস্যা সমাধানে নানা প্রতিশ্রুতির পাশাপাশি আকর্ষণীয় গানে তাদের প্রচারণায় নতুন মাত্রা পেয়েছে।

ঢাকা-১৫ আসনের প্রার্থী হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক সমাবেশ শেষ করে রাতে এসে জনসংযোগে নেমে পড়েন। গতকাল বৃহস্পতিবার নওগাঁ, গোদাগাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরে জনসভায় শেষে করে রাতে শেওড়াপাড়ায় গণসংযোগ করেন।

ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার মির আহমাদ বিন কাসেম (আরমান) বৃহস্পতিবার দিনভর নিজ এলাকায় প্রচার চালিয়েছেন। তার সঙ্গে ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম এবং জামায়াত-শিবিরের নেতারা।

ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. খালেদুজ্জামান সমর্থনে বনানী এলাকায় মাইকে ভোট চাইতে শোনা গেছে। এ সময় দাঁড়িপাল্লার সমর্থনে বিভিন্ন গান প্রচার করা হয়।

ঢাকা-১১ আসনে এনসিপির নাহিদ ইসলামের সমর্থনে গণসংযোগ করেছেন মহিলা জামায়াত ও ছাত্রী সংস্থার নেতাকর্মীরা।

উত্তরায় এনসিপির আরিফুল ইসলাম আদিবের শাপলা কলি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছে জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা।

ঢাকা মহানগরী দক্ষিণের সাতটি সংসদীয় আসনে ১১-দলীয় জোট সমর্থিত জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের পাঁচজন প্রার্থী ও শাপলা কলি প্রতীকের দুজন প্রার্থী দিনরাত পাড়া-মহল্লা, অলিগলি চষে বেড়াচ্ছেন। নিজ-নিজ সংসদীয় এলাকার বিদ্যমান সমস্যা সমাধানে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন প্রার্থীরা। নিজ দলের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতেও ভোটারপ্রতি তারা আহ্বান জানাচ্ছেন।

এ ছাড়া, ঢাকা-৪, ঢাকা-৫, ঢাকা-৬, ঢাকা-৭ ও ঢাকা-১০ আসনে ১১-দলীয় জোট সমর্থিত প্রার্থীদের সমর্থনে গতকাল দিনভর  জোটের নেতাকর্মীরা পাড়া-মহল্লায়  গণসংযোগ করে। এ সময় এলাকার গ্যাস সংকট, জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত