পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। রক্তক্ষয়ী এই হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শক্তিশালী এই বিস্ফোরণে নারী ও শিশুসহ শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। হামলার সময় মসজিদে জুমার নামাজের প্রস্তুতি চলছিল, ফলে সেখানে প্রচুর মানুষের সমাগম ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এ ঘটনায় ইসলামাবাদ এবং এর আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও ধর্মীয় স্থাপনাগুলোয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্বব্যাপী জঙ্গিগোষ্ঠীর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপের তথ্য অনুযায়ী, আইএসের একজন যোদ্ধা মুসল্লিদের লক্ষ্য করে বিস্ফোরকবোঝাই জ্যাকেটের বিস্ফোরণ ঘটান। সুন্নি প্রধান পাকিস্তানে সংখ্যালঘু শিয়া সম্প্রদায় বিভিন্ন সময় সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়ে আসছে।
