নেত্রকোনায় ভোটকেন্দ্রে আগুন, বগুড়ায় সংঘর্ষ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ এএম

রাত পোহালেই জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সরঞ্জামাদি ভোটকেন্দ্রে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে গত সোমবার রাতে নেত্রকোনার ২টি আসনের ৫টি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই রাতে বগুড়ায় ভোটের টাকা লেনদেনের অভিযোগে জামায়াত কর্মীদের আটক করার পর বিএনপি নেতাদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

নেত্রকোনা প্রতিনিধি জানান, পাঁচটি ভোটকেন্দ্রের মধ্যে নেত্রকোনা-২ আসনের সদর উপজেলায় ৪টি এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে একটি কেন্দ্রে আগুন দিয়েছে। তবে প্রশাসন বলছে বিচ্ছিন্ন ঘটনা মাত্র। এ কেন্দ্রগুলোতেই ভোটগ্রহণ হবে।

আগুন দেওয়া ভোট কেন্দ্রগুলো হলো নেত্রকোনা সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্বধলা উপজেলার হিরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেন নেত্রকোনা জেলা পুলিশের মিডিয়া শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।

বগুড়া প্রতিনিধি জানান, ভোটের টাকা লেনদেনের অভিযোগে জামায়াত কর্মীদের আটক করার পর বিএনপি নেতাদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে এ ঘটনা ঘটে। সংঘাতে ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানাসহ দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

জামায়াত প্রার্থী দাবি করেন, বিএনপির মিছিল থেকে তাদের নেতাকর্মীর ওপর হামলা চালানো হয় এবং তাদের দুই কর্মীকে আটকে রেখে মারপিট করে বিএনপি কর্মীরা। বিএনপি নেতাকর্মীরা জানান, তারা ওই গ্রামের আব্দুল আজিজের বাড়িতে বেশ কিছু লোকের সমাগম দেখতে পেয়ে সেখানে যান। তারা দেখতে পান স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলালসহ জামায়াত শিবিরের কর্মীরা ভোটারদের রাজি করার জন্য টাকা নিয়ে শলাপরামর্শ করছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলালসহ দুজনকে আটক করে।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের বাসভবনের সামনে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত