ঘোষণা দেওয়া হয়েছিল একাধিক বার, কিন্তু বাস্তবতার নিরিখে পারা যায়নি। নাজমুল হোসেন পাপন যখন বোর্ড সভাপতি, তার সময়ে মহিলা ক্রিকেট উইং-এর চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল শুনিয়েছিলেন মেয়েদের প্রথম শ্রেণির লিগ আর ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ চালুর আশ্বাস। সেটা থেকে গেছে কাগুজে। আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে রুবাবা দৌলার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবারের পর্ষদ কি পারবে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়াতে? আপাত দৃষ্টিতে একটা ঘোষণা এসেছে বিসিবির কাছ থেকে। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এপ্রিলের শুরুতে ৩ দল নিয়ে ১২ দলের উইমেনস ফ্র্যাঞ্চাইজি লিগ (ডাব্লিউবিপিএল) মাঠে গড়াবে যেখানে নিয়মিত ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মানরাও সুযোগ পাবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী উইং আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে যে, নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডাব্লিউবিপিএল) টি-টোয়েন্টি আগামী ৩ থেকে ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই ডব্লিউবিপিএল হবে বাংলাদেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক নারীদের টি-টোয়েন্টি প্রতিযোগিতা, যা দেশে নারী ক্রিকেটের পেশাদারিত্বের উন্নয়নে একটি অগ্রগামী পদক্ষেপ।
উদ্বোধনী আসরে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল অংশগ্রহণ করবে, যেখানে জাতীয় দলের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান প্রতিভারাও খেলার সুযোগ পাবেন। প্রতিযোগিতার ভারসাম্য, দলের শক্তি এবং গভীরতা নিশ্চিত করতে ‘প্লেয়ার ড্রাফট’ পদ্ধতির মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের নির্বাচন করা হবে। ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি পেশাদার খেলোয়াড়দেরও দলে নেওয়ার সুযোগ পাবে, যা আন্তর্জাতিক অংশগ্রহণ, বিশ্বব্যাপী পরিচিতি এবং টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক মান বৃদ্ধিতে সহায়ক হবে।
ডব্লিউবিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব করবেন বিসিবি পরিচালক ও বিসিবি নারী বিভাগের চেয়ারপারসন রুবাবা দৌলা। এই কাউন্সিল টুর্নামেন্ট সংক্রান্ত সব সাংগঠনিক বিষয় তত্ত্বাবধান করবে। ফ্র্যাঞ্চাইজি, ড্রাফট নিয়মাবলি, প্রতিযোগিতার ফরম্যাট, ফিকশ্চার, ভেন্যু, সম্প্রচার এবং বাণিজ্যিক অংশীদারত্ব সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে ঘোষণা করা হবে।’
করপোরেট জগৎ এবং উদ্যোক্তা হিসেবে অত্যন্ত সফল রুবাবা দৌলার দিক নির্দেশনায় আশা করা যায় ডাব্লিউবিপিএল আলোর মুখ দেখবে, যা অনেক দিন ধরেই ক্রিকেটারদের দাবি।
