জাতির উদ্দেশে ভাষণ

সবাইকে ভোটের ফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ এএম

নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের ফল যাই হোক, তা মেনে নেওয়ারও আহ্বান জানান তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানিয়েছেন।

জুলাই অভ্যুত্থানের দেড় বছর পর আজ বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে সিইসি বলেন, ‘আগামীকাল (আজ) ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শহীদদের। আরও স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছি। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের আশু আরোগ্য ও স্বাভাবিক জীবনের জন্য দোয়া করছি।’

সিইসি বলেন, এই নির্বাচনে ভোটদান শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আশা করি সবাই সচেতনভাবে এ দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সবাই দায়িত্বশীল ও যতœবান হবেন। তিনি বলেন, ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এ বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নেবেন।

ভোটার, প্রার্থী, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশে নাসির উদ্দিন বলেন, ‘ব্যক্তিগত কষ্ট-ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন।’

নির্বাচনে যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনা মোকাবিলায় সহযোগিতা চেয়ে সিইসি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যেকোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠপর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব। মহান আল্লাহ আমাদের সহায় হোন।’

দেশের ২৯৯টি আসনে আজ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের ভোট পরে অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত