বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন লিওনেল মেসি। এই চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে এমএলএসের চলতি মৌসুমের উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইন্টার মায়ামি গত বুধবার এক বিবৃতিতে জানায়, মেসির বাঁ হ্যামস্ট্রিংয়ে পেশির টান (স্ট্রেইন) ধরা পড়েছে। আগামী কয়েক দিনে তার শারীরিক ও কার্যকর অগ্রগতির ওপর ভিত্তি করেই অনুশীলনে ধীরে ধীরে ফেরার সময়সূচি ঠিক করা হবে।
২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলোসিয়ামে বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির বিপক্ষে লস অ্যাঞ্জেলেস এফসির ম্যাচ দিয়েই শুরু হবে মায়ামির লিগ অভিযান। তবে চোটের কারণে সেই ম্যাচে মেসির উপস্থিতি এখনো নিশ্চিত নয়।
মেসির চোটের কারণে পুয়ের্তো রিকোতে হওয়ার কথা থাকা ইন্টার মায়ামির প্রীতি ম্যাচও পিছিয়ে দেওয়া হয়েছে। ইকুয়েডরের ক্লাব ইনডিপেন্ডিয়েন্তে দেল ভালের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল আজ। সেটি দুই সপ্তাহ পিছিয়ে ২৬ ফেব্রুয়ারিতে নেওয়া হয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় মেসি নিজেও চোটের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইকুয়েডরের ম্যাচে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটের কারণেই তাকে আগেভাগে মাঠ ছাড়তে হয় এবং ক্লাব ও আয়োজকদের সঙ্গে সমন্বয় করেই পুয়ের্তো রিকোর ম্যাচ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মেসি আশা প্রকাশ করেন, নতুন তারিখে ম্যাচটি সফলভাবে আয়োজন করা যাবে।
