ফেনীবাসীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ কাজ করার আশ্বাস মিন্টুর

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে বিজয়ী আবদুল আউয়াল মিন্টু নির্বাচিত প্রতিনিধি হিসেবে ফেনীবাসীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ কাজ করার আশ্বাস দিয়েছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আমি বিজয় পেয়েছি, এটা বড় ইস্যু না। বাংলাদেশের ভবিষ্যতের জন্য ধানের শীষের জয়, বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পেয়েছে বাংলাদেশ। সহিংসতামুক্ত একটি নির্বাচন আমরা পেয়েছি। ফেনীতে ৫৬ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাদের স্বাগত জানাই।’

বৃহস্পতিবার রাতে ভোটের ফলাফল নিতে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে জয়ী হওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে অর্ধলক্ষাধিক ভোটে হারিয়েছেন তিনি।

বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কোনো ঝামেলা হয়নি। কাউকে বাধা দিয়েছে এমন খবরও পাওয়া যায়নি। এ জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

তিনি এলাকার জনগণের ভালোবাসার প্রতিদান হিসেবে দাগনভূঞা ও সোনাগাজীকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করার আশ্বাস দেন।

মিন্টু বলেন, ‘পরিকল্পনা একটাই, ফেনীর উন্নয়ন। ফেনীর সন্তান হিসেবে আমরা এই জেলার উন্নয়ন চাই। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে ফেনীর উন্নয়নমূলক কাজগুলো করতে পারব। তিনি ফেনীর দিকে নজর দেবেন, আমরাও তাকে সহযোগিতা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত