ভোট পুনর্গণনার দাবি দিনভর মহাসড়ক অবরোধ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ এএম

নির্বাচনে ভোট পুনর্গণনার দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ, দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার কর্মী-সমর্থকরা। গতকাল শনিবার সকাল থেকে হারাগাছে দোকানপাট বন্ধ রেখে এলাকাবাসী রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বিজয়ী ১১ দলীয় জোটের প্রার্থী, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেনের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ করেন। এতে হারাগাছের শিশু-কিশোর, যুবকসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। নারীরা ঝাড়– মিছিল করে ভোট পুনর্গণনার দাবি জানান। বেলা ১২টায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন কাউনিয়া উপজেলার সহস্রাধিক বিএনপি নেতাকর্মীসহ প্রার্থীর কর্মী-সমর্থকরা। বিকেল ৩টায় কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ঘটনাস্থলে গিয়ে ভোট পুনর্গণনার ব্যাপারে আশ্বস্ত করলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছে। কিন্তু প্রশাসন ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পরিবর্তন করে দিয়েছে। জনগণের দাবি হলো ভোট পুনর্গণনা করা হোক। পুনর্গণনায় যা ফলাফল আসবে ভোটাররা তা মেনে নেবে।

নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন বলেন, হারাগাছে এখন ভরসার ভাড়া করা লোকেরা যা করছে তা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। প্রশাসনের কর্তারা আলোচনার মাধ্যমে আইনগতভাবে এই সমস্যার সমাধান করুন। সময় ক্ষেপণ করার সুযোগ নেই। যেসব মানুষ ভাড়া করে আনা হয়েছে তারা খেটে খাওয়া সাধারণ মানুষ। ভরসার নেতাকর্মী তাদের লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে বিভ্রান্ত করছে। এই আইন লঙ্ঘনের পরিস্থিতির দায়ভার বিএনপির হাইকমান্ডকে নিতে হবে।

এদিকে একই দাবিতে সকালে পীরগাছা বাজারে এলাকায় উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রিটার্নিং কর্মকর্তা বরাবর ভোট পুনর্গণনার আবেদন করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত