পূর্বশত্রুতার বিরোধ

গুলি করে ও কুপিয়ে তিনজনকে হত্যা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ এএম

নির্বাচনের দুদিন পরেই দেশের তিন জেলায় তিনজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে গুলি করে মোস্তফা (৫০) নামে একজনকে হত্যা করা হয়েছে। ভোলার চরফ্যাশনে ছেলের বিরোধের জেরে বাবা আব্দুর রহিম ভুট্টোকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া বগুড়ার গাবতলীতে ব্যবসায়িক বিরোধে ট্রাকমালিক সাইফুল ইসলামকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার রাতে পৃথক ঘটনাগুলো ঘটে।

পূর্বশত্রুতার জেরে গুলি করে হত্যা : রাজশাহী নগরীর খোঁজাপুর এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. মোস্তফাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে মতিহার থানায় হত্যা মামলা করা হয়েছে। মামলায় একই এলাকার বাসিন্দা হাসিবুল ইসলাম (৪২), সিহাবুল ইসলাম (২২) ও মো. উকিল (৫২) নামে তিনজনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি আবুল কালাম আজাদ।

জানা গেছে, শনিবার রাতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মোস্তফা নিহত হন। ঘটনার পর স্থানীয়রা মোস্তফাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোস্তফা একটি ময়দার মিলের কর্মচারী। এশার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। তখন তাকে লক্ষ্য করে গুলি করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান পায়ে গুলি লাগার তথ্য নিশ্চিত করেন।

ছেলের বিরোধের জেরে বাবাকে কুপিয়ে হত্যা : ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট এলাকায় ছেলের বিরোধের জেরে বাবা আব্দুর রহিম ভুট্টোকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুরে ময়নাতদন্ত শেষে ভুট্টোর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পার হলেও বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পরিবারের দাবি, ভোটের আগে ও ভোটের দিন আমির হোসেনের দুটি ছাগল নিয়ে যায় আমজাদ ও বেল্লাল। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়, যার জেরেই এ হত্যাকা- ঘটেছে। তবে স্থানীয় কয়েকজনের ভাষ্য, মাদকসংক্রান্ত টাকার বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। এ বিষয়ে জানতে চাইলে শশীভূষণ থানার ওসি মো. ফখরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটির পেছনে মাদকসংশ্লিষ্টতা ও অন্যান্য বিষয় রয়েছে বলে শোনা যাচ্ছে।

ব্যবসায়িক জেরে ট্রাকমালিককে কুপিয়ে হত্যা : বগুড়ার গাবতলীতে বাড়ির সামনে ঘাসের জমিতে সাইফুল ইসলাম নামে এক ট্রাকমালিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গাবতলী উপজেলার সোন্দাবাড়ী গ্রামের পূর্বপাড়ায় নিহতের নিজ বাড়ির সামনে শনিবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল বেলা ১১টার দিকে গাবতলী মডেল থানার ওসি আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাইফুল ইসলাম সোন্দাবাড়ী গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা।

গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমান বলেন, প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধকে হত্যার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত