গাইবান্ধা জেলা কারাগারে অসুস্থ হয়ে শামিকুল ইসলাম সরকার লিপন (৫৭) নামের এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। গতকাল রবিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শামিকুল ইসলাম সরকার লিপনের বাড়ি পলাশবাড়ী পৌরসভায়র বৈরী হরিণমারী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল জোব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী উপজেলা আ’লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন। তিনি জানান, শামিকুল ইসলাম দীর্ঘদিন থেকে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাত ১১টার দিকে তিনি বুকের ব্যথার কথা জানায়। পরে কারাগারের হাসপাতাল থেকে দ্রুত তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (গতকাল) ভোরে তিনি মারা যান। সুরতহাল শেষে পরিবার তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।
