সুন্দরবন থেকে ট্রলারসহ তিন জেলে অপহরণ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০ এএম

বঙ্গোপসাগরের সুন্দরবনসংলগ্ন কটকা এলাকা থেকে মাছ শিকার করার সময় গত শনিবার রাতে মাসুম মিয়ার মালিকানাধীন একটি ইঞ্জিনচালিত ট্রলারসহ তিন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী। গতকাল সোমবার দুপুরে বরগুনার জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। অপহৃতরা হলো, উপজেলার সদর ইউনিয়নের রুহিতা এলাকার আব্দুল মান্নানের ছেলে রাজু, আব্দুল মালেকের ছেলে মাহবুব হোসেন ও রাজন।

ট্রলার মালিকের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, কয়েক দিন আগে পাথরঘাটা উপজেলার মাসুম মিয়ার একটি ট্রলার নিয়ে তিন জেলে সুন্দরবনে মাছ শিকার করতে যান। গত শনিবার রাতে সেখানে মাছ শিকারের সময় হঠাৎ জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী ট্রলারসহ তাদের ধরে নিয়ে যায়। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে মুক্তিপণ দিতে না পারায় দফায় দফায় মারধর করা হচ্ছে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত