নতুন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পাওয়ার পর নাসিমুল গনি বলেছেন, দুর্বল কাঁধে বিশাল দায়িত্বের ভার বহনের চেষ্টা করব। গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে দুপুর সোয়া ১টার দিকে তিনি নতুন পদে যোগ দিতে সচিবালয়ের নতুন ভবনে আসেন।
প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করব, আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি সেভাবেই কাজ করব।’ সুষ্ঠু নির্বাচন করার কারণে কি আপনাকে উপহার হিসেবে এই পদ দেওয়া হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মন্তব্য নেই।’ এই সময়ে দায়িত্ব নেওয়াটাকে চ্যালেঞ্জ মনে করছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘মানুষের জন্য সব দায়িত্বই চ্যালেঞ্জ।’
নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের এক দিন আগে তিনি জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তার পদে দায়িত্ব পেলেন। নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ওই ক্যাডারের ১৪২ জনের মেধা তালিকায় তার অবস্থান ছিল ষষ্ঠ। ২০০৯ সালে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়।
