জুলাই সনদে স্বাক্ষর এনসিপিকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ এএম

জুলাই জাতীয় সনদে অবশেষে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দলটির পক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেল, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এনসিপিকে ধন্যবাদ এই মহতী কাজে অংশগ্রহণের জন্য।

তিনি বলেন, এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে প্রতিটি পদে পদক্ষেপ রাখে তার জন্য প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে। আগামীকাল (আজ) নতুন সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সবার সামনের দিনগুলোতে শুভ হোক।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করবেন। আমরা একই সঙ্গে দুটো শপথগ্রহণ করতে যাচ্ছি। আমাদের ওপর দেশের মানুষ যে আস্থা রেখেছে আমরা তা বাস্তবায়ন করব। জুলাই সনদে সবার শেষে স্বাক্ষর করলেও এই সনদ বাস্তবায়নের জন্য আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর।’

এনসিপির প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।

সনদ বাস্তবায়নে সংশয় দেখছে না এনসিপি : জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নাহিদ ইসলাম। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো সংশয় দেখছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না বাস্তবায়ন নিয়ে আর কোনো সংশয় দেখছি না। কারণ এই নির্বাচনের ভিত্তিটাই হচ্ছে গণভোট এবং গণভোটের ভিত্তি হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। এই আদেশ ছাড়া এই নির্বাচন সম্ভব হতো না এই সময়ে এই সরকারের অধীনে। ফলে যদি আমরা নেক্সট পার্লামেন্ট এবং গভর্নমেন্টকে কার্যকর করতে চাই, তার বৈধতা হচ্ছে এই গণভোট এবং আদেশ। ফলে সেই আদেশকে মানতে হলে অবশ্যই আপনাকে গণভোটের যে গণরায় এসেছে সেই রায়কে বাস্তবায়ন করতে হবে।’

 নাহিদ বলেন, ‘নোট অব ডিসেন্টের মীমাংসা গণভোটের মাধ্যমে হয়ে গিয়েছে। গণভোটের আদেশ এবং গণভোটের প্রশ্নগুলো সেখানে কিন্তু স্পষ্টভাবেই আছে কোন সংস্কারগুলো দলগুলো তাদের ইশতেহার অনুযায়ী করবে। কোন সংস্কারগুলোয় সবাই ঐকমত্য হয়েছে সেটা অটোমেটিক হয়ে যাবে। আবার কিছু সংস্কার বাধ্যতামূলক জনগণের রায়ের ওপর এটা নির্ভর করছে, যেমন উচ্চকক্ষ ভোটের অনুপাতে হবে, নির্বাচন কমিশনার সবাই মিলে যে নিয়োগ করবে এই বিষয়গুলো। ফলে গণভোটের যে প্রশ্ন এর মধ্য দিয়ে আসলে নোট অব ডিসেন্টের পুরো বিষয়টিই মীমাংসিত হয়ে গেছে।’

সনদ সইয়ের পর নাহিদ বলেন, ‘জুলাই সনদে সবার শেষে স্বাক্ষর করলেও এই সনদ বাস্তবায়নের জন্য আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর।’ তিনি বলেন, ‘যে সময়টায় স্বাক্ষরিত হয়েছিল, সেটা শুধু কেবল একটি ডকুমেন্ট ছিল। কোনো আইনি ভিত্তি ছিল না। আমরা তো পরিষ্কার বলেছি, আমরা আইনি ভিত্তি চাই। ফলে এর পরে যখন আইনি ভিত্তি দেওয়া হলো, গণভোট আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ আদেশের মাধ্যমে, সে আদেশ এটার আইনি ভিত্তি দিয়েছে এবং এর পরবর্তীতে গণভোট হয়েছে, গণরায় প্রতিফলিত হয়েছে। এখন আমরা মনে করছি যে যেহেতু এটি একটা আইনি ভিত্তি পেয়েছে, গণরায়ও চলে এসেছে, আমরা যে উদ্দেশ্যে এই জুলাই জাতীয় সনদ করতে চেয়েছিলাম, সেটা সফল হয়েছে। এখন এটা আমাদের বাস্তবায়ন করা প্রয়োজন এবং বাস্তবায়নের ক্ষেত্রে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে যে একটা পার্টি কেন সই করে নাই, সেটা যাতে না হয়। এই বাস্তবায়নের স্বার্থে আমরা স্বাক্ষরটি করছি।’

নাহিদ বলেন, ‘গণপরিষদের জায়গা থেকে সংস্কার পরিষদে যখন এসেছে, তখন আমরা এটাকে মেনে নিয়েছি। যেহেতু অন্যান্য দল এবং একটা ঐকমত্যের স্বার্থে আমরা মনে করছি যে, সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো নিয়েই আমাদের এই সময়টাতে আগাতে হবে; এই অর্জনটুকু নিয়ে আমাদের সামনের দিকে আগাতে হবে।’

দীর্ঘ আলোচনায় সংস্কার প্রশ্নে ঐকমত্যের ভিত্তিতে কিছু ক্ষেত্রে নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ তৈরি হয়। ২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেই সনদে সই করে বিএনপি, জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল। পরে আরও একটি দল সই করে। এনসিপি ঐকমত্যের সংলাপে অংশ নিলেও শেষ পর্যন্ত সনদ সইয়ের অনুষ্ঠানে অংশ নেয়নি। জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি ‘স্পষ্ট’ না হওয়ার যুক্তিতে স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করে দলটি। এ ছাড়া ইতিহাস সঠিকভাবে না আসা এবং সংবিধানের মূলনীতি পরিবর্তন নিয়ে আপত্তির কারণে বাম ধারার চারটি দল সনদে সই না করার ঘোষণা দিয়েছিল। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত