পার্বতীপুর-রংপুর মহাসড়ক

২০ গজে তিনটি স্পিড ব্রেকার, ঘটছে দুর্ঘটনা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯ এএম

দিনাজপুরের পার্বতীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আ. করিম (৩৫) নামে এক আইসিটি কর্মকর্তা আহত হয়েছেন। তিনি পঞ্চগড় জেলা শিক্ষা অধিদপ্তরের আইসিটি কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। আহত আ. করিম (৩৫) পার্বতীপুর শহরের আমিরগঞ্জ মহল্লার বাসিন্দা। গতকাল রবিবার বেলা ১টায় পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কের এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পথচারী ও স্থানীয় জানায়, এ্যাফেক স্কুলের সামনের সড়কে তিনটি স্পিড ব্রেকার দেওয়ার কারণে প্রায়ই এখানে এ দুর্ঘটনা ঘটছে। আহত আ. করিম বলেন, ‘মোটরসাইকেলযোগে উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া গ্রাম থেকে পার্বতীপুর শহরের বাসা আমীরগঞ্জ দিকে যাচ্ছিলেন। পথে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের সামনে স্পিড ব্রেকার পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। এ সময় তার ডান হাত ও ডান পা জখম হয়ে গুরুতর আহত হন তিনি।

পার্বতীপুর শহরের আদর্শ হুগলীপাড়া এলাকার রুকুনুজ্জামান বাবুল বলেন, ‘স্পিড ব্রেকার দেওয়ার আগে এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। স্পিড ব্রেকার দেওয়ার পর থেকেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আঞ্চলিক মহাসড়কে ২০ গজের মধ্যে কী করে একই স্থানে তিনটি স্পিড ব্রেকার (গতিরোধক) থাকে এটা বোধগম্য নয়। প্রতিদিনই এ্যাফেক স্কুলের সামনে মোটরসাইকেল আরোহী, ভ্যানচালক, অটোরিকশার যাত্রীদের আহতের খবর পাওয়া যাচ্ছে।’

পথচারী ও স্থানীয়রা জানান, পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের সামনের স্পিড ব্রেকারটি ঝুঁকিপূর্ণভাবে দেওয়া হয়েছে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা উল্টে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক জামিল আহমেদ বলেন, ‘অনেক কাটখড় পুড়িয়ে এখানে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। কিন্তু তারা একটার বদলে ব্রেকার দিয়েছে তিনটি। এতেই ঘটছে দুর্ঘটনা।’

এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদ্দাম হোসেন বলেন, এ্যাফেক স্কুলের সামনে স্পিড ব্রেকার দিয়েছে দিনাজপুর সড়ক ও জনপদ অধিদপ্তর।

স্কুলের সামনে একটা স্পিড ব্রেকার রেখে বাকি দুটি গতিরোধক অপসারণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে জানানো হবে। তিনি আরও বলেন, এর আগে সড়ক ও জনপথ অধিদপ্তরে অভিভাবক ও স্কুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনটি স্পিড ব্রেকার স্থাপন করা হয়। সেটিই এখন কাল হয়ে দাঁড়িয়েছে।    

সর্বশেষ সর্বাধিক পঠিত