সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ শেষে ঢাকা থেকে ফিরে সরাসরি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান।
গতকাল রবিবার দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এ সময় হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও মতবিনিময় করেন এবং চিকিৎসাসেবা নিয়ে তাদের অভিজ্ঞতা শোনেন। পরিদর্শনকালে এমপি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ওয়ার্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিট পরিদর্শন করেন। তিনি হাসপাতালের অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম, জনবল সংকট এবং রোগীদের ভোগান্তির বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
পরিদর্শন শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের সেবা করাই আমার প্রধান দায়িত্ব। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষ যাতে উন্নত চিকিৎসাসেবা পায়, সেজন্য হাসপাতালের সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন এবং নতুন সংসদ সদস্যের এ উদ্যোগকে স্বাগত জানান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী জহিরুল ইসলাম বলেন, ‘এর আগে কোনো এমপি প্রথম দিনেই হাসপাতাল পরিদর্শনে আসেননি। তিনি এসেছেন, রোগীদের খবরাখবর নিচ্ছেন এইটাই আমাদের জন্য অনেক। আমরা আশা করি এই জনপ্রতিনিধির মাধ্যমে আমাদের অনেক উন্নয়ন হবে।’
