আগামী ১৮০ দিনের মধ্যে বুড়িমারী স্থলবন্দর থেকে সরাসরি ঢাকা রুটে ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে লালমনিরহাট বিমানবন্দর সচল করা, চার লেন সড়ক নির্মাণ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলেও জানান তিনি।
গতকাল রবিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
দুলু বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। লালমনিরহাটের স্থবিরতা কাটাতে এবং উন্নয়ন ত্বরান্বিত করতে আগামী ২৮ তারিখের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সুনির্দিষ্ট প্রস্তাবনা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সেই প্রস্তাবনার আলোকে ১৮০ দিনের একটি চূড়ান্ত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এবং জেলা প্রশাসক এইচএম রকিব হায়দারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
