নারী শিক্ষার্থীকে সাইবার বুলিং, জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার 

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৬:৫২ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ভাষায় গালিগালাজ, সাইবার বুলিং ও হুমকিস্বরূপ বক্তব্য দেওয়ার অভিযোগে গোলাম রব্বানী নামে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রক্টর অফিসের প্রাথমিক তদন্ত ও সুপারিশের ভিত্তিতে আজ ১২ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করে। 

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী গোলাম রব্বানীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। একইসাথে অফিস আদেশ থেকে জানা যায়, বহিষ্কারকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না।

​ঘটনার অধিকতর তদন্তের জন্য সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানাকে সভাপতি করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত