'বিশ্ব এখন এক কঠিন সময়ে, চারদিকে যুদ্ধ আর অশান্তি,'- ভিভ রিচার্ডস

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৬:৪৯ পিএম

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। টিম ইন্ডিয়ার এই দাপুটে পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট বিশ্বের কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস। তার মতে, সাদা বলের ক্রিকেটে ভারত এখন নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার বর্তমানে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের বিশেষ দূত হিসেবে লন্ডনে অবস্থান করছেন। সেখানে পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে টিম ইন্ডিয়া সম্পর্কে রিচার্ডস বলেন, "আমার মতে, ভারত ক্রিকেটকে একটি ভিন্ন পর্যায়ে নিয়ে গেছে, বিশেষ করে সীমিত ওভারের ফরম্যাটে—সেটা ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি। ভারতীয় সমর্থকরা এই খেলার প্রতি যে ভালোবাসা ও আবেগ দেখায়, এই ট্রফি তাদের জন্য এক দারুণ উপহার।" তিনি আরও যোগ করেন, ভারতের মতো ক্রিকেটপাগল দেশের জন্য এই বিশ্বজয় ছিল একদম সঠিক ফলাফল।

আগামী নভেম্বরে ভিভ রিচার্ডসের নিজ দেশ অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৬টি দেশের সরকার প্রধানদের সম্মেলন। সেখানে নিজের নতুন ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে রিচার্ডস পুরনো দিনের স্মৃতিচারণ করেন। ১৯৭৫ ও ১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের প্রথম দুটি বিশ্বকাপ জয়ের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "কমনওয়েলথ দেশগুলোতে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয়। আমাদের ক্যারিবিয়ান অঞ্চলের পরিচয়ের সাথে ক্রিকেট ওতপ্রোতভাবে জড়িত।"

এই সফরের অংশ হিসেবে গত সোমবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং রানি কামিলার হাতে নিজের স্বাক্ষর করা একটি বিশেষ 'মাস্টার ব্লাস্টার' ব্যাট তুলে দেন রিচার্ডস। তিনি বলেন, "আমাদের ঘরোয়া জীবনে ক্রিকেট বড় একটা অংশ। অ্যান্টিগুয়া ও বারবুডার জনগণের পক্ষ থেকে মহামান্যকে এই উপহার দিতে পেরে আমি গর্বিত।"

বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই কিংবদন্তি বলেন, "পৃথিবী এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চারদিকে যুদ্ধ আর অশান্তি। আমি বিশ্বাস করি, কমনওয়েলথ অতীতে যেভাবে বিশ্বকে এক সুতোয় গেঁথেছে, আগামীতেও সেই শান্তির বার্তা ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখবে।"

আগামী ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়ার সেন্ট জনস-এ 'সমৃদ্ধ কমনওয়েলথের জন্য অংশীদারিত্ব ও বিনিয়োগ ত্বরান্বিত করা' থিম নিয়ে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। যেখানে নিজের দেশের ৩৬৫টি সমুদ্রসৈকত আর প্রাণবন্ত মানুষের আতিথেয়তা সারা বিশ্বের সামনে তুলে ধরতে মুখিয়ে আছেন 'মাস্টার ব্লাস্টার' খ্যাত এই কিংবদন্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত