জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৪ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া অরূপ রতন কনিষ্ক বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। সহপাঠী ও হল সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ৪১৩ নম্বর কক্ষের অন্য শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করায় একাই ছিলেন কনিষ্ক। দুপুর ২টার দিকে কনিষ্কের কক্ষের দরজায় নক করেন সামনের কক্ষের এক শিক্ষার্থী। অনেকক্ষণ পেরিয়ে গেলেও সাড়া না পেয়ে ওই শিক্ষার্থী আরও একজনকে ডেকে আনেন। পরে দুজন মিলে চেষ্টা করে ভেতর থেকে সাড়া না আসায় জানালার গ্লাস ভেঙে কনিষ্ককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের প্রভোস্ট নজরুল ইসলাম বলেন, ‘দুপুরে কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে এ খবর পাই। পরে আনুমানিক ২টা ১০ মিনিটে ৪১৩ নম্বর কক্ষে গিয়ে অরূপ রতনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পুলিশের উপস্থিতিতে মরদেহ উদ্ধারের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।’

আশুলিয়া থানার উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক বলেন, ‘প্রাথমিকভাবে আমরা এটিকে আত্মহত্যা বলে সন্দেহ করছি। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত