ঈদে টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত ‘চায়ের রাজ্য’

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৮:১৩ এএম

পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিকে সামনে রেখে পর্যটকদের বরণে প্রস্তুত হয়ে উঠেছে চায়ের রাজ্যখ্যাত জেলা মৌলভীবাজার। আগত পর্যটকদের জন্য জেলার পাঁচতারকা হোটেল-রিসোর্ট ও গেস্ট হাউজগুলোতে ঘোষণা করা হয়েছে নানা আকর্ষণীয় সুযোগ-সুবিধা। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রস্তুতি।

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে এবার পর্যটকদের আগ্রহ বেড়েছে। বিশেষ করে শহরের বাইরে বিভিন্ন রিসোর্ট ও কটেজে আগাম বুকিংয়ের চাপ লক্ষ্য করা যাচ্ছে। ঈদের ছুটিতে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে দেশ জুড়ে ভ্রমণপ্রেমীদের কাছে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ হয়ে উঠছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য।

পর্যটনসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, শ্রীমঙ্গল শহরের বাইরে রাধানগর গ্রাম এলাকায় থাকা প্রায় অর্ধশত রিসোর্ট ও কটেজে ২২ থেকে ২৪ তারিখ এই ৩ দিনের জন্য প্রায় ৯৫ শতাংশ বুকিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ঈদকে ঘিরে বাকি দিনগুলোতেও ধীরে ধীরে বুকিং বাড়বে এবং শেষ পর্যন্ত শতভাগ রুম ভাড়া হয়ে যাবে। অন্যদিকে শহরের ভেতরের হোটেলগুলোয় এখনো তেমন চাপ তৈরি হয়নি। অধিকাংশ হোটেলেই এখনো প্রায় ৫০ শতাংশ বা তারও কম রুম বুকিং হয়েছে বলে জানা গেছে।

সবুজে মোড়া উঁচুনিচু চা বাগান, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দেশি-বিদেশি পর্যটকদের কাছে কমলগঞ্জ, শ্রীমঙ্গল অত্যন্ত জনপ্রিয়। শ্রীমঙ্গলের চা বাগান, হাইল হাওর, বাইক্কার বিল, চা কন্যা ভাস্কর্য, বধ্যভূমি ৭১, বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র, কমলগঞ্জের চা বাগান, খাসিয়া পুঞ্জি, মনিপুরী সম্প্রদায়ের তাঁতশিল্প, লাউয়াছড়া জাতীয় উদ্যান, সীমান্তবর্তী ধলই চা বাগানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ এবং মাধবপুর লেকসহ অসংখ্য পর্যটন স্পট ঘুরে দেখতে ঈদের ছুটিতে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে ভিড় করেন।

কমলগঞ্জের টিলাগাঁও ইকো ভিলেজের ব্যবস্থাপক সোহেল আহমেদ ও অরণ্যনিবাস ইকো রিসোর্টের পরিচালক সবুজ আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘আসন্ন ঈদকে সামনে রেখে পর্যটকদের আগমনকে কেন্দ্র করে আমরা বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছি। বরাবরের মতো এবারও ঈদকে ঘিরে বেশ ভালো বুকিং হয়েছে।’

শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টের পরিচালক (পরিচালনা ও প্রশাসন) জাহানারা আক্তার বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে আগত পর্যটকদের স্বাগত জানাতে আমরা রিসোর্ট ও রেস্টুরেন্ট সুন্দরভাবে সাজিয়েছি এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। ইতিমধ্যে আগামী ২১ থেকে ২৭ তারিখ পর্যন্ত প্রায় ৮৫ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে।’

পাঁচ তারকামানের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের জেনারেল ম্যানেজার আরমান খান বলেন, ‘বর্তমানে আমাদের বুকিং প্রায় শতভাগ পূর্ণ হয়ে গেছে।’

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল-কমলগঞ্জ জোনের ওসি কামরুল হোসেন চৌধুরী বলেন, ‘ঈদ উপলক্ষে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। বিভিন্ন পর্যটন স্পটে আমাদের টহল ব্যবস্থা সার্বক্ষণিক চালু থাকবে। জেলা পুলিশের সমন্বয়ে উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, র‌্যাব ও বিজিবি যৌথভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত