শ্রীপুরে যানজট নিরসনে রাস্তায় এমপি

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৮:১৩ এএম

গাজীপুরের শ্রীপুরে একটি অতি ব্যস্ত সড়কে যানজট লেগে গেলে স্থানীয় সাংসদ নিজেই রাস্তায় নেমে পড়েন। জ্যামে আটকা বিভিন্ন যানবাহনের চালকদের ইশারা দিয়ে সরিয়ে দেন তিনি। গতকাল বুধবার দুপুরে পৌর শহরের মাওনা চৌরাস্তায় এ দৃশ্য চোখে পড়ে। গাজীপুর-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এ দায়িত্ব পালন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুক্ষণ ধরে মাওনা শ্রীপুর আঞ্চলিক সড়কটিতে যানবাহনের দীর্ঘ জট ছিল। এমন পরিস্থিতিতে ট্রাক, বাস, পিকআপ, অটোরিকশাগুলোকে বিভিন্ন দিকে যাওয়ার নির্দেশনা দিচ্ছেন একজন। সঙ্গে আরও কয়েকজন তাকে সহযোগিতা করছেন। কিছুক্ষণের মধ্যে শৃঙ্খলাও ফিরে। কিছুক্ষণ পর সবাই জানতে পারেন সড়কের যানজট কমাতে সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম নিজেই এ কাজ করছেন। এটি দেখে সবাই তার সহজ-সরল কর্মের প্রশংসা করেন।

ওই সড়কের যাত্রী ইয়াসিন আলী মোল্লা বলেন, ‘জানতে পারলাম তিনি স্থানীয় এমপি। সড়কে এসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। এটা ভালো বিষয়। তার কাজ প্রশংসার দাবি রাখে।’ অটোরিকশাচালক শাহীন আলম বলেন, ‘এমপি নিজে এসে কাজ করার কারণে সড়ক পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে গেছে। কিন্তু তিনি চলে যাওয়ার পর আর এ পরিস্থিতি থাকবে না। এজন্য পুলিশকে কঠোর নির্দেশনো দিলে আরও ভালো হয়।’

শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি বলেন, ‘সড়কে এমপি নামার পর পরিস্থিতিই পাল্টে গেছে। আমরা নিজেরা নেমে কাজ করছি। কোনোভাবেই যেন সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তা দেখছি।’

মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘এ সময় আমাদের পুলিশ সদস্যরাও মহাসড়কে ঈদযাত্রায় বাড়ি ফেরা মানুষের জন্য কাজ করছিলেন। যানজট বেশি দেখে এমপি স্যার নিজেই সড়কে নেমে যানজট নিরসনে কাজ করেন। হাইওয়ে পুলিশ সদস্যরাও তার সঙ্গে ছিলেন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত