ঝুঁকি নিয়ে ট্রাকে করে বাড়ি যাচ্ছে মানুষ

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৮:১৪ এএম

ঈদযাত্রায় নাড়ির টানে নিম্ন আয়ের মানুষ ও পোশাক শ্রমিকরা গ্রামের বাড়িতে ফিরছে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যানে করে। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগভাগি করতে এভাবেই ঝুঁকি নিয়ে ছুটছেন তারা। গতকাল বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে নবীনগরগামী লেনে এ চিত্র দেখা যায়।

মালবাহী ভর্তি ট্রাকে গ্রামের গাড়িতে ফিরছিলেন রিতা আক্তার। তিনি বলেন, ‘আমি একটি পোশাক কারখানায় কাজ করি। অল্প টাকার বেতন পাই। এতে করে সংসার কোনো রকম চলে। এবার ঈদের আনন্দ বাবা-মা ও পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে অল্প টাকায় ট্রাকে করে রংপুরে যাচ্ছি।’

অন্যদিকে ওই ট্রাকেই যাচ্ছিলেন পোশাক শ্রমিক আলম হোসেন। তিনি বলেন, ‘বাসের ভাড়া ১ হাজার ৪০০ টাকা করে। এত টাকা দিয়ে কীভাবে যামু। তাই বাধ্য হয়েই ট্রাকে ৪০০ টাকা ভাড়া দিয়ে গ্রামের বাড়িতে ফিরছি।’

অন্যদিকে ফরিদুল ইসলাম নামে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক বলেন, ‘আমি পিকআপ ভ্যানে করে গাইবান্ধায় যাচ্ছি।’ পিকআপে ঝুঁকি আছে কি না, জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘বাসে এখন দুই গুণ ভাড়া চায়। ঈদ আনন্দটাই বড় কথা। এখন কষ্ট হলেও পরিবারের সঙ্গে ঈদটা কাটাতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত