স্ত্রীকে ঈদে বাবার বাড়ি নিয়ে না যাওয়ায় কয়েকজন প্রতিবেশীকে নিয়ে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্ত্রী সাবিনা খাতুনের বিরুদ্ধে।
গত মঙ্গলবার গভীর রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, আমজাদ হোসেনের ছেলে লুৎফর রহমান (৩৬) চট্টগ্রাম শিল্পজোন এলাকার একটি মাদ্রাসার শিক্ষক। তিনি ঈদুল ফিতর উপলক্ষে ছুটিতে নিজ বাড়িতে এসেছেন। ঈদ উপলক্ষে লুৎফর তার স্ত্রী সাবিনা খাতুনকে (২৬) সঙ্গে নিয়ে কেনাকাটা করেন। পরে সাবিনা খাতুন বাবার বাড়ি ধুনট উপজেলার গোসাইবাড়িতে ঈদ উদযাপনের বায়না ধরেন।
লুৎফর নিজ বাড়িতে বাবা-মার সঙ্গে সপরিবারে ঈদ করবেন বলে জানান। এতে স্ত্রী সাবিনা উত্তেজিত হয়ে স্বামী লুৎফরের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সাবিনা পাশের বাড়ির ঘনিষ্ঠজনদের ডাকতে শুরু করেন। সাবিনার চিৎকার শুনে তাদের ঘনিষ্ঠ প্রতিবেশী সবুজ শেখ, আবুল কালাম ও সেলিম শেখ ছুটে এসে গভীর রাতে লুৎফরকে ঘর থেকে ডেকে বের করে মারপিট শুরু করেন। এ সময় লুৎফরের বাবা আমজাদ হোসেন (৯২) ও মা রাজিয়া খাতুন (৭৫) তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও তারা মারপিট করে গুরুতর আহত ও রক্তাক্ত জখম করেন। তাদের চিৎকারে অন্য প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আবদুস সামাদ বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে মীমাংসার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানান আহত লুৎফর রহমান।