তসবিহ নিয়ে খেলছিল শিশুটি হঠাৎ গলায় আটকে গেল ঘুঁটি

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৭:৩০ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে তসবিহ নিয়ে খেলছিল দেড় বছরের শিশু তালহা বিন শহীদ ভূঁইয়া। খেলতে খেলতেই অসাবধানতাবশত তসবিহর একটি ঘুঁটি তার গলায় আটকে যায়। এতে শ্বাসরোধ হয়ে শিশুটির মৃত্যু হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু তালহা ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

নিহত শিশুর স্বজন মোরশেদ ভূঁইয়া জানান, তসবিহ নিয়ে খেলা করার সময় হঠাৎ তসবির একটি ঘুঁটি শিশুটির গলায় আটকে যায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট শুরু হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তালহার স্বজন মোরশেদ ভূঁইয়া বলেন, ‘তালহার বাবা ব্যবসায়ী ও মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গতকাল শুক্রবার সকাল ৯টায় তালহার জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।’

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, তালহা ছিল আদুরে একটি শিশু। এমন আকস্মিক মৃত্যুর ঘটনা সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এরশাদ উল্লাহ বলেন, ‘গলায় তসবিহের দানা আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। মূলত গলায় দানা আটকে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়াতে তার মৃত্যু হয়। পরে আমরা লাশ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি।’ তিনি আরও বলেন, ছোট শিশুদের নাগালের মধ্যে ছোট আকারের বস্তু রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তসবিহ, বোতামের ঢাকনা, ছোট খেলনা বা যে কোনো ছোট জিনিস সহজেই শিশুরা মুখে দিয়ে ফেলতে পারে, যা প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। তাই অভিভাবকদের এ ব্যাপারে আরও বেশি সতর্ক থাকতে হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত