মাদারীপুরে চিকিৎসকদের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১০:৩৭ এএম

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রিয়াস (১৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলেছে স্বজনরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ ) রাত আনুমানিক ৭টা ২৫ মিনিটে মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার বাসিন্দা প্রদীপ দাশ তার অসুস্থ শিশু পুত্র প্রিয়াসকে হাসপাতালে ভর্তি করেন। শিশুটি দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিল বলে জানা গেছে।
ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে হাসপাতালের ৫ম তলার শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে চিকিৎসকদের ঘোষণায় শিশুটি মারা যায়।

এদিকে শিশুটির মৃত্যুর পর স্বজনরা অভিযোগ করেন, চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে উপস্থিত রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

খবর পেয়ে হাসপাতালে পুলিশ  সদস্যরা এবং সদর থানার ওসি (তদন্ত) ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে হাসপাতাল পুলিশ ইনচার্জ এ এস আই আব্দুর রাজ্জাক বলেন, শিশুটি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত