অবৈধ পুকুর খনননে ২ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০১:০৭ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে একটি মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর (ভেকু) জব্দ ও এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভেকু চালক বাদলকে আটক করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার দেবনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন।

আটক বাদল রাজশাহীর বাঘমারা উপজেলার বাসিন্দা। 

উপজেলা প্রশাসন জানায়, রাতের অন্ধকারে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন ও মাটি কাটার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এসময় একটি এক্সকাভেটর (ভেকু) জব্দসহ চালককে আটক করা হয়। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’অনুযায়ী তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ সহায়তা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত