ই-রিটার্ন দাখিল

ফের সময় বাড়াতে পাঁচ হাজারের বেশি আবেদন

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১২:১৮ এএম

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আয়কর রিটার্ন দাখিলের সময় ফের বাড়াতে পাঁচ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। গতকাল রবিবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

তিন দফা বাড়িয়ে আগামীকাল ৩১ মার্চ রিটার্ন জমার শেষ দিন নির্ধারণ করে এনবিআর। এর মধ্যে আবার সময় বাড়ানোর আবেদন জমা পড়েছে। এ বিষয়ে আল আমিন বলেন, গত কয়েক দিনে পাঁচ হাজারের অধিক করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদন করেছেন। অনলাইনে দাখিল করা করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনেই আবেদন অনুমোদন করছেন। সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে করদাতা কোনো জরিমানা বা অতিরিক্ত কর দেওয়া ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন। যেসব করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি তারা বর্ধিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করতে চাইলে তাদের অবশ্যই ৩১ মার্চের আগে আবেদন করতে হবে। তবে ব্যক্তি করদাতারা ৩১ মার্চের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় অনুমোদন করতে পারেন।

এনবিআর জানিয়েছে, ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি ব্যক্তি শ্রেণির করদাতা নিবন্ধন করেছেন এবং ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন এবং অতিরিক্ত সময়ের অনুমোদনের কাজটি সহজ, দ্রুত, স্বচ্ছ এবং স্বস্তিদায়ক করার লক্ষ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন সিস্টেম চালু করেছে। করদাতারা এখন সহজেই ই-রিটার্ন সিস্টেমে লগইন করে টাইম এক্সটেনশন মেন্যু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন করতে পারছেন। ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন না থাকলে সময়ের আবেদন দাখিলের আগে অবশ্যই নিজ নামের বায়োমেট্রিক সিম ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। যেসব করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয় তারা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে উভয় পদ্ধতিতেই সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত