টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় (৪২) মারা গেছেন। গতকাল রবিবার ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশার সীমান্তবর্তী তালসারি সমুদ্রসৈকতে শুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি। একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য সেখানে গিয়েছিল পুরো ইউনিট। শুটিংয়ের সময় পানিতে তলিয়ে যান তিনি। পরে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৮৩ সালের ১৬ অক্টোবর। বিজয়গড় থিয়েটার দলের হয়ে ‘রাজ দর্শন’ নাটকে অভিনয়ের মাধ্যমে তার পথচলা শুরু। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে তুমুল খ্যাতি পান। পরে ওই সিনেমার নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। রাহুল অভিনয় ছাড়াও ‘সহজ কথা’ নামে একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন।
