শিশুদের দয়া ও মহানুভবতা শেখানোর ৫ উপায়

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৭:১৭ এএম

শিশুদের ছোটবেলা থেকেই দয়ালু ও সংবেদনশীল হিসেবে গড়ে তোলা জরুরি। মানবিকতা ও দয়া এমন এক গুণ, যা কেবল মানুষের সমাজকেই সুন্দর করে না, বরং পরকালেও এর প্রতিদান নিশ্চিত করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করেন। অতএব জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তবে আসমানের অধিপতি তোমার প্রতি দয়া করবেন। (আবু দাউদ) শিশুদের মধ্যে এই গুণটি ছড়িয়ে দেওয়ার পাঁচটি কার্যকরী দিক উল্লেখ করা হলো।

আচরণের মাধ্যমে শেখানো : শিশুরা উপদেশের চেয়ে মা-বাবার কাজ দেখে দ্রুত শেখে। তাই তাদের সামনে নিজেরা দয়ালু হওয়ার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। হাসিমুখে কথা বলা দয়ার অন্যতম সহজ রূপ। মহানবী (সা.) অধিকাংশ সময় হাসিমুখে থাকতেন। তিনি বলেছেন, তোমার ভাইয়ের সামনে হাসিমুখে উপস্থিত হওয়াও একটি সদকা। (মুসলিম)

ক্ষমা ও সহমর্মিতা : ক্ষমা করার মানসিকতা দয়ার একটি বিশেষ দিক। শিশুদের শেখাতে হবে অন্যের প্রতি কঠোর না হয়ে বিনয়ী হতে। যেমন খেলার সময় অন্য ভাইবোন বা বন্ধুর সঙ্গে খেলনা ভাগ করে নেওয়া।

প্রাণিকুলের প্রতি মমতা : সৃষ্টির প্রতিটি জীবের প্রতি দয়া প্রদর্শন করা ইসলামের শিক্ষা। পাখিকে খাবার দেওয়া বা পোষা প্রাণীর যতœ নেওয়ার মাধ্যমে শিশুদের মনে কোমলতা তৈরি হয়। নবীজি (সা.) প্রাণীদের প্রতি সহনশীল আচরণের নির্দেশ দিয়েছেন। শিশুদের বোঝাতে হবে অবুঝ প্রাণীর প্রতি নিষ্ঠুরতা পরকালে শাস্তির কারণ হতে পারে, আর তাদের প্রতি সামান্য দয়াও ইবাদত হিসেবে গণ্য হয়।

কৃতজ্ঞতা প্রকাশ : কৃতজ্ঞতা প্রকাশ করা ইসলামের অন্যতম শিক্ষা। ছোটবেলা থেকেই ‘ধন্যবাদ’ বা ‘জাজাকাল্লাহ’ বলার অভ্যাস তৈরি করতে হবে। একটু বড় শিশুদের ক্ষেত্রে অন্যদের জন্য দোয়া করা এবং আল্লাহর নেয়ামতের প্রশংসা করা শেখাতে হবে। কোরআনে এর গুরুত্ব দিয়ে বলা হয়েছে, ‘যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। (সুরা ইব্রাহিম ৭)

উদারতা ও দানশীলতা : উদারতা মানে কেবল টাকা দেওয়া নয়, বরং সামর্থ্য অনুযায়ী অন্যকে সাহায্য করা। শিশুরা তাদের পুরনো কাপড় বা খেলনা অভাবী শিশুদের দান করতে পারে। আবার ছোট ভাইবোনকে কোনো জিনিস খুঁজে পেতে সাহায্য করাও উদারতার পরিচয়। কোরআনে বর্ণিত হয়েছে, ‘তোমরা যা কিছু ব্যয় করো, তিনি তার প্রতিদান দেবেন।’ (সুরা সাবা ৩৯)

লেখক : মাদ্রাসাশিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত