২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৭ এএম

ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে উদ্ভূত বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে ‘সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ-সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

জানা যায়, জ্বালানি তেল আমদানির প্রস্তাবগুলো প্রথমে ‘অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয় এবং এর পরপরই ক্রয় কমিটির বৈঠকে প্রস্তাবগুলো উপস্থাপন ও অনুমোদন দেওয়া হয়। তবে আমদানি ব্যয় সম্পর্কে গণমাধ্যমকে কোনো তথ্য অবহিত করা হয়নি।

অর্থ মন্ত্রণালয় জানায়, জ্বালানি তেল আমদানির তিনটি প্রস্তাবের মধ্যে ‘এক্সন মোবিল কাজাখস্তান ইঙ্ক (ইমকি) থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ টন ডিজেল (ইএন৫৯০-১০ পিপিএম মাত্রার সালফার); জি-টু-জি-এর আওতায় ইন্দোনেশিয়ার ‘পিটি বুমি সিয়াক পুসাকো জেপিন’ থেকে ৬০ হাজার টন ডিজেল (শূন্য দশমিক ৫ শতাংশ মাত্রার সালফার) এবং ‘আবীর ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটস’ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল ক্রয় করা হবে।

৩৫ হাজার টন এমওপি সার আমদানি : বৈঠকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন থেকে নবম লটের আওতায় ৩৫ হাজার টন এমওপি সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বিএডিসি এ সার আমদানি করবে। প্রতি টন ৩৬০.৫৩ ডলার দরে বাংলাদেশি টাকায় এতে মোট ব্যয় হবে ১৫৪ কোটি ৮৯ লাখ ২৭ হাজার টাকা।

এ ছাড়া বৈঠকে রেলওয়ের একটি পুনর্বাসন কাজে ১৭ কোটি ৪৩ লাখ টাকার একটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ হংকং-এর ফালকো করপোরেশন লিমিটেড থেকে ১ লাখ টন ক্রুড অয়েল কেনার আর একটি প্রস্তাব নিয়ে আসে। তবে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অনুরোধের পরিপ্রেক্ষিতে বৈঠক থেকে প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়া হয়। আর্চার এনার্জি এলএলসি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৬০ হাজার টন ডিজেল কেনার আর একটি প্রস্তাবও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এ ছাড়া ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি-এর নিকট থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১ লাখ টন ৫০ পিপিএম সালফার মানমাত্রার ডিজেল কেনার আর একটি প্রস্তাব আনা হলেও, সেটিও আলোচনা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত