মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য (এমপি) এবং উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের নিয়ে তার একটি বিতর্কিত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পর এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় যুবদল।
জানা যায়, সম্প্রতি উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমদের একটি অডিও রেকর্ড ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে (ভাইরাল হয়)।অডিওতে তাকে স্থানীয় সংসদ সদস্যের সমালোচনা করার পাশাপাশি দলীয় নেতাদের সম্পর্কে অত্যন্ত অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করতে শোনা যায়। অডিওটি প্রকাশ্যে আসার পর কমলগঞ্জ উপজেলাজুড়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এর প্রেক্ষিতে গত ২ এপ্রিল যুবদলের কেদ্রীয় কমিটির দপ্তর শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল সংগঠন। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপরাধে কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না।
এদিকে বহিষ্কারাদেশের পর অভিযুক্ত সদস্য সচিব নোমান আহমদ দাবি করেছেন, ফাঁস হওয়া অডিওটি প্রযুক্তির মাধ্যমে বিকৃত করা হয়েছে। নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘একটি পক্ষ আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এটি ছড়িয়েছে।’
কমলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বলেন, ‘দলের ক্রান্তিলগ্নে যারা রাজপথে লড়াই করছেন, তাদের বিরুদ্ধে দলীয় পদধারী কারও এ ধরনের ধৃষ্টতাপূর্ণ মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও ক্ষমার অযোগ্য। এই বহিষ্কারাদেশের মাধ্যমে একটি কঠোর বার্তা দেওয়া হলো যে, দলের ভেতরে বিভেদ সৃষ্টিকারীদের কোনো স্থান নেই।’
