ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল ট্রাক

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০১:২৩ এএম

চট্টগ্রামের কালুরঘাটে ফেরি পার হওয়ার সময় কর্ণফুলী নদীতে পড়ে তলিয়ে গেছে একটি ট্রাক। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে নদীর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকের চালক মো. ওসমান (৩৫) দ্রুত ট্রাক থেকে বেরিয়ে সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি লোহাগাড়া উপজেলা থেকে পণ্য খালাস করে নগরীর সিঅ্যান্ডবি এলাকায় যাওয়ার উদ্দেশে ফেরিতে উঠছিল। ফেরিতে ওঠার সময় হঠাৎ এটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনার সময় ট্রাকটিতে চালক ছাড়া আর কোনো ব্যক্তি ছিলেন না।

আহত চালক মো. ওসমান কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মোজাফফর আহমেদের ছেলে। তিনি বর্তমানে নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তী  সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ট্রাকচালক মো. ওসমান (৩৫) দুর্ঘটনার সময় মাথায় আঘাত পেয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয়রা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের রেজিস্ট্রার উপল চৌধুরী বলেন, ‘ওসমান নামে বোয়ালখালী থেকে গতকাল রাত ১১টার দিকে একজনকে হাসপাতালে আনা হয়। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ভালো আছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত