নেইমারের মন্তব্যে ব্রাজিলে বিতর্কের ঝড়

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০১:৪৪ এএম

ব্রাজিল ফুটবল তারকা নেইমার জুনিয়র নিয়ে আলোচনার শেষ নেই। আসছে বিশ্বকাপে শেষ পর্যন্ত ব্রাজিল দলে তার থাকা হবে কি না এ নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে তুমুল বিতর্ক। কোচ কার্লো আনচেলত্তির গুডবুকে শেষ পর্যন্ত তার থাকা নিয়ে যখন চলছে নানামুখী আলোচনা তখন এক বিতর্কিত মন্তব্যে বিতর্ক উসকে দিয়েছেন নেইমার নিজেই। নারী রেফারিকে উদ্দেশ করে করা এক মন্তব্যকে ঘিরে তার বিরুদ্ধে যৌনবৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাতে তার দল সান্তোসের ম্যাচ ছিল ক্লাব দে রেমোর সঙ্গে। সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল সান্তোস। নেইমারও পেয়েছিলেন গোলের দেখা। তবে নারী রেফারি স্যাভিও প্যারেইরা স্যামপাইও তাকে হলুদ কার্ড দেখালে মেজাজ হারান। রেফরিকে ‘চিকো’ বলে উল্লেখ করেণ। ব্রাজিলীয় ভাষায় ‘চিকো’ শব্দটি নারীদের ঋতুস্রাবকে ইঙ্গিত করে যা অনেকের কাছে যৌনবৈষম্যমূলক অভিব্যক্তি হিসেবে বিবেচিত।

ম্যাচে হলুদ কার্ড দেখার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন নেইমার। ম্যাচ শেষে স্থানীয় এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই কার্ডটি অন্যায়ভাবে দেওয়া হয়েছে। ম্যাচের শেষ দিকে আমি একটি বিপজ্জনক ও অপ্রয়োজনীয় ট্যাকলের শিকার হয়েছিলাম। এটা প্রথম নয়, তৃতীয় বা চতুর্থবার। আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম, আর তাতেই হলুদ কার্ড পেলাম।’ এরপরেই বিতর্কিত মন্তব্যটি করেন তিনি, ‘সাভিও এমনই। সে চিকো হয়ে (খারাপ মেজাজে) ঘুম থেকে উঠে মাঠে এসেছে। সে ম্যাচের নায়ক হতে চায়, খেলোয়াড়দের প্রতি অসম্মানজনক আচরণ করে, কথা বলে না, আলোচনা করে না। সে খেলা নিয়ন্ত্রণ করতে চায়। সবকিছু নিজের মতো চালাতে চায়। এসব সামলানো তার শেখা উচিত।’

নেইমারের এমন মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছে। অনেক সমর্থকও এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন। ব্রাজিলিয়ান সাংবাদিক মারিয়ানা পেরেইরা নেইমারের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, ‘এভাবে পিরিয়ডে আছে বলে কাউকে খাটো করা খুব সহজ। বহু বছর ধরে নারীরা ঋতুস্রাবের জন্য লজ্জার শিকার হয়েছে। একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়াকে নোংরা হিসেবে দেখা হয়, হরমোনজনিত পরিবর্তন ও শারীরিক কষ্টকে অবমূল্যায়ন করা হয়। এখনো অনেকে এসবকে সমর্থন করে।’

অথচ এই ম্যাচে গোল করে বিশ্বকাপে নিজেকে রাখার দাবিটা রেখেছিলেন নেইমার। কেবল এক গোল করেননি, দলের দুই গোলেই তিনি অবদান রাখেন। তবে প্রতিপক্ষের কঠোর ট্যাকল ও ধাক্কাধাক্কিতে তিনি বিরক্ত ছিলেন। দ্বিতীয়ার্ধে দিয়েগো হার্নান্দেজের সঙ্গে সংঘর্ষের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যার ফলে রেফারি তাকে হলুদ কার্ড দেখান। এই কার্ডের কারণে নেইমার রবিবার মারাকানায় ফ্ল্যামিঙ্গোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না। আনচেলোত্তিকে প্রমাণ দিতে সে ম্যাচটা খেলা গুরুত্বপূর্ণ ছিল নেইমারের জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত