শিক্ষকদের দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়া নিয়ে কঠোর অবস্থান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, শিক্ষকতা পেশায় থেকে কোনো ধরনের দলীয় রাজনীতি করা যাবে না; রাজনীতি করতে চাইলে আগে শিক্ষকতা ছেড়ে আসতে হবে। গতকাল শুক্রবার বিকেলে কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। আপনাদের হাতেই তৈরি হয় ভবিষ্যতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডিসি কিংবা ইউএনও। কিন্তু গত ১০-২০ বছরে শিক্ষকসমাজের একটি অংশ সরাসরি দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়েছে, যা অত্যন্ত দুঃখজনক।’
উন্নয়ন কার্যক্রম নিয়ে তিনি বলেন, দায়িত্বগ্রহণের পর ইতিমধ্যে প্রায় ২৪-২৫টি স্কুলের সামনে ব্রিজ নির্মাণ করা হয়েছে। তবে শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, কোনো সমস্যার সমাধান চাইলে তা দাপ্তরিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে উপস্থাপন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কলমাকান্দা শাখার আহ্বায়ক মো. এমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক রাজা হান্নান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম।
