বিএনপি সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। গতকাল শুক্রবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
ত্রাণমন্ত্রী বলেন, ‘আঙুলের দাগ মুছে যাওয়ার আগেই আমরা কাজ শুরু করেছি। সরকার গঠনের পরপরই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।’ ইতিমধ্যে ফ্যামিলি কার্ড চালু, ইমামদের ভাতা প্রদান, কৃষক কার্ড বিতরণ এবং কৃষিঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বৈশ্বিক পরিস্থিতি প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি হয়েছে এবং জ্বালানি সংকটও দেখা দিয়েছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে লালমনিরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক একেএম মমিনুল হক এবং সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
