ঘোড়ার মাংস গরুর বলে বিক্রির চেষ্টা ৩ জনের জেল

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ এএম

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গোপনে ঘোড়া জবাই করে সেটি গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুতের সময় তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে প্রত্যেককে এক বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গাজীপুর এলাকার একটি সুপারি বাগানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ১২ মণ ঘোড়ার মাংস জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখানে জবাই করা ৬টি ঘোড়ার মাংস উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন আব্দুল্লাহ, রুবেল ও রবিউল। তাদের বাড়ি যথাক্রমে নেত্রকোনা, নীলফামারী ও রংপুর জেলায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, আটক ব্যক্তিরা ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করছিলেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত মাংসগুলো জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে মাটিতে পুঁতে নষ্ট করা হবে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত