ডিএসসিসি প্রশাসক বললেন

আওয়ামী লীগের পথে হাঁটছে জামায়াত

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম মন্তব্য করেছেন গত ১৭ বছরে আওয়ামী লীগ যে রাজনৈতিক পথ অনুসরণ করেছে, জামায়াতে ইসলামীও এখন সেই একই পথে এগোচ্ছে। গতকাল শুক্রবার রাজধানীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক সংগঠনের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তিযুদ্ধকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে এনেছেন। তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানের দেশে ফেরা এবং তাকে ঘিরে জনগণের আগ্রহ-উচ্ছ্বাস তার প্রতি মানুষের সমর্থনের প্রতিফলন।

তিনি অভিযোগ করেন, তারেক রহমানকে ছোট করতে আওয়ামী লীগ বিপুল অর্থ ব্যয় করেছে এবং আরেকটি রাজনৈতিক দলও একই ধরনের চেষ্টা করেছে। তার ভাষায়, এই দুই শক্তির বিরোধিতার মধ্যেও বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে টিকে আছে। প্রতিপক্ষরা সংসদ ও সরকারের কার্যক্রমে অসহযোগিতা করছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।

আবদুস সালাম আরও বলেন, নতুন সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ক্রীড়াবিদদের সম্মাননা দেওয়ার মতো উদ্যোগ নিচ্ছে। একই সঙ্গে তিনি জিয়াউর রহমানের একটি বক্তব্য তুলে ধরে বলেন, অর্থ নয় দুর্নীতি বন্ধ করাই মূল বিষয়। তার মতে, তারেক রহমানও সেই নীতির অনুসরণ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত