ঢাকা থেকে আসা ভুয়া ডাক্তার ও নার্স আটক

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ এএম

ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে রোগী নিতে এসে এক ভুয়া চিকিৎসক আটক হয়েছেন। তার সঙ্গে এক ভুয়া নার্স ও অ্যাম্বুলেন্সের চালককেও আটক করা হয়েছে। আটককৃতরা ঢাকার ইউনিভার্সেল হাসপাতালের পক্ষ থেকে রোগী নিতে এসেছিলেন।

জানা যায়, সাদিক বিন রশিদ নামে রাজশাহীর এক চিকিৎসকের নবজাতক শিশু অসুস্থ। তার অবস্থা সংকটাপন্ন। রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে রেখে তার চিকিৎসা চলছে। শিশুটির উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার উদ্যোগ নেয় পরিবার। সাদিক বিন রশিদ তার অসুস্থ শিশুকে রাজধানীতে নেওয়ার জন্য ঢাকার ইউনিভার্সেল হাসপাতালে যোগাযোগ করেন। হাসপাতালের ম্যানেজারের সঙ্গে কথা বলে বিশেষজ্ঞ একজন চিকিৎসক ও একজন নার্সসহ আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স ভাড়া করেন। পথে বাচ্চার শারীরিক অবস্থার কথা চিন্তা করে তিনি অ্যাম্বুলেন্সের আইসিইউ সুবিধার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের বিষয়টি নিশ্চিত করেন। গতকাল শুক্রবার অসুস্থ শিশুকে নেওয়ার জন্য ডাক্তার ও নার্সসহ আইসিইউ অ্যাম্বুলেন্সটি রাজশাহীতে আসে। কিন্তু অ্যাম্বুলেন্সে আসা ডাক্তার ও নার্সের আচরণে সন্দেহ হয় সাদিক বিন রশিদের। তিনি তাদের কাছে পরিচয় জানতে চাইলে অ্যাম্বুলেন্সে আসা সাহেদ নিজেকে এমবিবিএস চিকিৎসক বলে দাবি করেন। কিন্তু তিনি প্রয়োজনীয় কাগজ দেখাতে পারেননি। পরে তিনি স্বীকার করেন যে, তিনি এমবিবিএস চিকিৎসক নন। সঙ্গে আসা নার্সও আসল নার্স নন বলে জানান তিনি। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হলে রাজপাড়া থানা পুলিশ তিনজনকে থানায় নিয়ে যায়। 

রাজপাড়া থানার ওসি আবদুল মালেক জানান, ‘চিকিৎসক সাদিক বিন রশিদের সঙ্গে ঢাকার হাসপাতাল কর্তৃপক্ষের যে চুক্তি হয়েছিল, তা পালন করেননি বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডাক্তার ও নার্স হিসেবে যারা এসেছিলেন, তারা প্রয়োজনীয় প্রমাণপত্র দিতে পারেননি। এ অবস্থায় তিনজনকেই আটক করা হয়েছে। এ ঘটনায় ডা. সাদিক বিন রশিদ প্রতারণার অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে এ তিনজন ছাড়াও ইউনিভার্সেল হাসপাতালের ম্যানেজার মিজানুর রহমানকেও অভিযুক্ত করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত