স্থায়ী জলাবদ্ধমুক্ত হচ্ছে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়

বললেন মেয়র শাহাদাত

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ এএম

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে বাস্তবায়নাধীন মেগা প্রকল্পের আওতায় হিজড়া খাল সংস্কার কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল শুক্রবার বিকেলে প্রবর্তক মোড় এলাকায় হিজড়া খাল সংস্কার কার্যক্রম পরিদর্শনকালে এ নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে মেয়র বলেন, নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে প্রবর্তক মোড়সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা শিগগিরই জলাবদ্ধতামুক্ত হতে যাচ্ছে। তিনি জানান, হিজড়া খাল ও জামালখান খাল এই দুটি খাল নগরীর জলাবদ্ধতা নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামালখান খালের সংস্কার কাজও একযোগে চলছে এবং তা দ্রুত শেষ হওয়ার আশা করা হচ্ছে।

তিনি জানান, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের অধীনে ৩৬টি খাল খনন প্রকল্পের অংশ হিসেবে হিজড়া খাল খনন, সম্প্রসারণ ও সংস্কারকাজ চলছে। খালটি গোল পাহাড় মেহেদীবাগ এলাকা থেকে শুরু হয়ে কাতালগঞ্জ, পাঁচলাইশ, দামপাড়া, বাকলিয়া, চকবাজার ও কাপাসগোলা হয়ে ফুলতলী চাক্তাই খালে গিয়ে মিলিত হয়েছে। দীর্ঘদিন দখল ও অপরিকল্পিত স্থাপনার কারণে খালটি সংকুচিত হয়ে পড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। খালটির প্রকৃত প্রস্থ প্রায় ৩০ ফুট হলেও দখলের কারণে অনেক জায়গায় তা ১২-১৫ ফুটে নেমে এসেছে। আরএস, পিএস ও বিএস ম্যাপ অনুযায়ী খালকে তার মূল প্রস্থে ফিরিয়ে আনতেই এই সংস্কারকাজ করা হচ্ছে। এজন্য কিছু স্থাপনা আংশিক অপসারণ করতে হবে, যা বৃহত্তর জনস্বার্থে জরুরি।

তিনি বলেন, খাল খননের সময় কিছু স্থানে অস্থায়ী বাঁধ দেওয়ায় সাময়িকভাবে পানি জমে মানুষের ভোগান্তি হচ্ছে। আগামী দুই মাস কিছুটা কষ্ট হলেও পরবর্তীকালে এই এলাকা স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত