সাইফুল হক বললেন

গণভোটের রায় বাস্তবায়নে বিএনপির নৈতিক দায় রয়েছে

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ এএম

গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক । তিনি মনে করেন নির্বাচনে গণভোটের পক্ষে প্রচার চালানোয় এ রায়ের পক্ষে অবস্থান নেওয়া বিএনপির জন্য গৌরবজনক হবে। গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, গণভোটের অধ্যাদেশ নিয়ে আপত্তি থাকলেও ৭১ শতাংশ ভোটার যেহেতু সাধারণভাবে গণভোটের পক্ষে মতামত দিয়েছেন, সেজন্য গণভোটের রায়কে নাকচ করা বিবেচনাসম্মত হবে না। জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় গণভোটের রায় বাস্তবায়নে তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই; যদিও জুলাই সনদের অনেকগুলো সংশোধনী প্রস্তাবে বিএনপির আপত্তি (নোট অব ডিসেন্ট) রয়েছে, যা বাস্তবায়নে তাদের বড় কোনো বাধ্যবাধকতা নেই। তিনি আশা প্রকাশ করে বলেন, এ ইস্যুতে বিএনপি নেতৃত্ব দায়িত্বশীলতার পরিচয় দেবে এবং গণ-আকাক্সক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

তিনি বলেন, সরকার গঠনের পরপর জ্বালানি ইস্যুতে বিএনপিকে যে অনাকাক্সিক্ষত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা সমন্বিতভাবে সবাইকে নিয়েই মোকাবিলা করতে হবে। অতি আবশ্যক নয়, এমন সরকারি-বেসরকারি অফিস, বিপণিবিতান ও সুপারমার্কেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কঠোরভাবে বিদ্যুৎব্যয় কমাতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত