বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এমনটাই মনে করেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিভাগের ভেরিফায়েড পৃষ্ঠায় দূতাবাসের অনুষ্ঠানে পল কাপুরের বক্তব্য যুক্ত করে একটি পোস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিরাপত্তা, বাণিজ্য, সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি অভিন্ন মূল্যবোধ দুই দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করে তোলে। পল কাপুর চলতি বছর মার্চ মাসের প্রথম সপ্তাহে ঢাকা সফর করেন। ঢাকায় নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর তিনিই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে ঢাকায় আসেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুর রহমানও দূতাবাসের অনুষ্ঠানে বক্তব্য দেন।
বাংলাদেশের কূটনীতিকদের তথ্য অনুযায়ী, পল কাপুর বলেন, নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অংশীদারদের মধ্যে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। সমুদ্রে বা সীমান্তে যা ঘটে, তা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য এলাকার পাশাপাশি সারা বিশে^র নিরাপত্তায় প্রভাব ফেলে। বাংলাদেশ যাতে নিজের সার্বভৌমত্ব ও সমুদ্রসীমা সুরক্ষার পাশাপাশি কৌশলগতভাবে জটিল পরিস্থিতির প্রেক্ষাপটে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করতে পারে। যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা প্রসঙ্গে চীনের প্রতি ইঙ্গিত করে কিন্তু দেশটির নাম উল্লেখ না করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট কিছু বেছে নিতে বাংলাদেশকে চাপ দেয় না।
