দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। আগামী তিন থেকে চার মাসের প্রয়োজনীয় তেলের মজুদ সরকারের রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. করীফুল আলম। গতকাল শুক্রবার কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৮০০ কৃষকের মধ্যে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কৃষি উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত হতদরিদ্র কৃষকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকদের কৃষি কাজে উৎসাহিত করতে বিনামূল্যে বীজ-সার বিতরণসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। পহেলা বৈশাখ থেকে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’-এর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। এক শ্রেণির মোটর বাইকারদের অপ্রয়োজনীয় মজুদের কারণে বাজারে সাময়িক অস্থিরতা তৈরি হচ্ছে।
